ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, ২৭ বিচারকের কাছে ব্যাখ্যা তলব

ষ্টাফ রিপোর্টার

আইন মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ২৭ জন বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিয়েছেন। সোমবার ও মঙ্গলবার বিচারকদের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়, যেখানে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নোটিশপ্রাপ্ত বিচারকদের বেশির ভাগই সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন একটি সার্কুলার জারি করে, যেখানে অনুসরণীয় নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ ছিল। পরে একাধিকবার এই নির্দেশনা মেনে চলার জন্য তাঁদের স্মরণ করিয়ে দেওয়া হয়। তবুও সম্প্রতি বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সচিবালয় বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অবস্থান নিয়ে মন্তব্য করায় ২৭ বিচারকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের আচরণ অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং এতে বিচারিক শৃঙ্খলা বিধিমালা ২০১৭–সহ সংশ্লিষ্ট আইন প্রযোজ্য হতে পারে।

এ পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় ব্যাখ্যা তলব করে নোটিশ পাঠিয়ে জানায়, বিচারিক শৃঙ্খলা বিধিমালার সংশ্লিষ্ট ধারায় অসদাচরণের অভিযোগে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *