পোস্টাল ব্যালটসহ তিনটি ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আবারও নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচন ভবনের সামনে ও আশপাশের এলাকায় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অবস্থান নিয়েছেন। ইসির নিরাপত্তা বেষ্টনীর বাইরে রাস্তায় বসে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর মধ্যে— ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’—এ ধরনের স্লোগান শোনা যায়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসি কার্যালয়ের আশপাশে পুলিশ, র্যাব, নৌবাহিনী ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন— “দ্বিতীয় দিনের মতো আমরা আবারও ঘেরাও কর্মসূচি পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না। প্রয়োজনে সারারাতও অবস্থান করব।”
তিনি আরও বলেন— “ইসির কর্মকর্তাদের প্রতি আমরা সম্মান দেখিয়ে গতকাল স্লোগান দেওয়া কমিয়েছিলাম। আজ আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার বাস্তবায়ন চাই। যাতে ২২ জানুয়ারি থেকে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস অভিযোগ করে বলেন—
“১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু করতে আমরা সহযোগিতা করছি। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিছু এলাকায় ভোটার স্থানান্তর করে অনিয়মের চেষ্টা হচ্ছে।” তবে তিনি ওই গোষ্ঠীর নাম উল্লেখ করতে চাননি।
রোববার সকাল ১১টা থেকেও একই দাবিতে ছাত্রদল ইসি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এতে সংগঠনের শীর্ষ নেতাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।









