আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। নিরাপত্তা রক্ষা, শান্তিরক্ষা কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি।
কোর্স সদস্যদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ নেতৃত্ব তৈরিতে এনডিসি ইতোমধ্যে উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।
অনুষ্ঠানে জানানো হয়, ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ মোট ৯৬ জন অংশ নেন—এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।









