ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে দুর্বৃত্তদের লাগানো আগুনে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্র জানায়, রাতের কাজ শেষে শাখা ভবনের দ্বিতীয় তলায় কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছিলেন। ভোর ৪টার দিকে নিচতলায় আগুন দেখতে পেয়ে নিরাপত্তা প্রহরী চিৎকার করেন। তার ডাক শুনে কর্মকর্তারা দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুন লাগার পরে আমরা দ্রুত নেমে এসে আগুন নেভানোর চেষ্টা করি। ফলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারেনি। আগুনে সিঁড়িঘরে রাখা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে যায়। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









