ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির মাধ্যমে আরও ৪১৭ জন প্রার্থিতা ফিরিয়ে পেয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) টানা নয় দিনের শুনানি শেষে তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৩ জন।
শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, “অনেকে আমাদের সমালোচনা করতে পারেন—বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর যাচাই–বাছাই বিষয়ে। কিন্তু আমরা চাই নির্বাচন সবার অংশগ্রহণে উৎসবমুখর হোক। এ কারণেই সকল প্রার্থীর প্রতি আমরা সহনশীল ছিলাম। একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন।”
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রায় আড়াই হাজার প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের যাচাই–বাছাইয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হয়। এতে ৩০০ আসনে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন।
পরে বাতিল হওয়া মনোনয়ন প্রত্যাহারের বিরুদ্ধে আপিল করেন ৬৪৫ জন। টানা ৯ দিনের শুনানি শেষে এদের মধ্যে ৪১৭ জনের মনোনয়ন পুনর্বহাল করা হয়েছে। ফলে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ২ হাজার ২৫৩ জন।
তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।









