প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

শরীয়তপুর প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালীর বিরুদ্ধে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তিনি এ হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিঠুন ঢালী স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন। পরদিন বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে থানা এলাকায় গোপন মহড়া চালানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে পুলিশ অভিযান চালালে স্থানীয় আওয়ামী নেতা-কর্মীরা মাইকিং করে পুলিশের ওপর হামলার চেষ্টা করে, তবে পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন ওসি। তিনি আরও জানান, মিঠুন ঢালী সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মিথ্যা তথ্যও প্রচার করছেন।

এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, “নিষিদ্ধ হওয়া আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে মিঠুন ঢালী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। তিনি আমাকে ফোনে হত্যার হুমকি দিয়েছেন— এজন্য জিডি করা হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের আইনের আওতায় আনবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *