প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এ সময় আলোচনা হয় বলে জানা গেছে।
এদিকে পরপর দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকালেও সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তিনি ফ্যামিলি কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেবেন। সকালেই তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ বৈঠকের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন। উল্লেখযোগ্য যে, গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হয়ে আসছিল।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়।









