পবিত্র রমজানের প্রথম দিনেই দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে সুনামগঞ্জের ছাতক এলাকায় এ ভূকম্পন হয়।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হলেও এর কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্যমতে, সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে হালকা কম্পন টের পাওয়া যায়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। অগভীর হওয়ায় আশপাশের এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে।
এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণ–পূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্যমতে, ওই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।
সাম্প্রতিক ভূমিকম্পগুলো দেশে ভূকম্পন সম্ভাবনা নিয়ে আবারও সচেতনতা বাড়িয়েছে।









