প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯

ষ্টাফ রিপোর্টার

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, এ ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া ১৭ জনের পাশাপাশি নতুন করে আরও ৯ জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। হামলা-অগ্নিসংযোগে মোট ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, হামলায় জড়িতদের শনাক্তে থানা পুলিশ, ডিবি, সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও সহিংসতা ছড়ানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং প্রচলিত বিচারব্যবস্থার মাধ্যমে শাস্তি নিশ্চিত করাই ডিএমপির লক্ষ্য—উল্লেখ করেন তিনি। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ডিএমপির প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আগাম তথ্য পাওয়া গেলে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি বন্ধে গণমাধ্যম ও নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। একটি মামলায় অজ্ঞাত ৫০০ জন এবং অন্য মামলায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর