ডিএমপি তথ্য

প্রথম আলো-ডেইলি স্টারে লুটের টাকায় টিভি-ফ্রিজ কেনেন নাইম

ষ্টাফ রিপোর্টার

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের একজন একাই দেড় লাখ টাকার বেশি লুট করার কথা স্বীকার করেছেন এবং সেই টাকায় টিভি ও ফ্রিজ ক্রয় করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম। একই তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মো. নাইম (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়, যিনি রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্বীকারোক্তিতে জানান, মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করে তা দিয়ে মোহাম্মদপুর থেকে একটি টিভি ও ফ্রিজ কিনেছিলেন। প্রেস উইং জানায়, লুট হওয়া ৫০ হাজার টাকা ও কেনা সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এ ছাড়াও গ্রেপ্তারদের তালিকায় রয়েছেন—আকাশ আহমেদ সাগর (২৮), আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), রাশেদুল ইসলাম (২৫), সোহেল রানা, শফিকুল ইসলাম (৩৪), প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জাতীয় দৈনিক প্রথম আলো ইতোমধ্যে মামলা করেছে এবং ডেইলি স্টার ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে মামলা করবে। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে চারটি আইনের ধারায় মামলা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘থানা পুলিশ ১৩ জন, সিটিসি ৩ ও ডিবি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

ডিএমপি কর্মকর্তা মনে করেন, হামলার ঘটনায় প্রাণহানি না হওয়াই পুলিশের বড় অর্জন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরে রোববার (২১ ডিসেম্বর) রাতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর