প্রকাশ্যে গুলির পর লাইফ সাপোর্টে ওসমান হাদী

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর বিজয়নগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘লাইফ সাপোর্ট’-এ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, “হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গুলিটি এখনো তার মাথার ভেতরে রয়েছে।”

হাদিকে দেখতে বিকেল চারটার দিকে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য এবং হাদির সমর্থকদের একাংশ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে তাকে হাসপাতালে প্রবেশ করান। এ সময় ইনকিলাব মঞ্চের কর্মীরা আরও বিভিন্ন স্লোগান দেন।

এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “দুপুর আড়াইটার পরপরই তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।”

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি হাদি বিজয় নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি এখনও নিশ্চিত নই। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। যাচাই–বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর