পেট্রোল পাম্পের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ষ্টাফ রিপোর্টার

দেশের সব ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার (৮ মার্চ) এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেল বিপণন পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচারের কারণে ভোক্তাদের মধ্যে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে তোলার চেষ্টা করছেন। একই সঙ্গে কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও বিভিন্ন সংবাদে উঠে এসেছে।

বিপিসি জানিয়েছে, ফিলিং স্টেশন থেকে সরবরাহ সীমিত করার কারণে অনেক ক্ষেত্রে কর্মচারী ও গ্রাহকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা জরুরি বলে মনে করছে সংস্থাটি।

এ অবস্থায় সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *