পিছিয়ে যেতে পারে এসএসসি পরীক্ষা

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার প্রস্তুতি চলছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নির্ধারিত থাকায় সে সময়ে সারাদেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। ফলে প্রচলিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ সম্ভব নাও হওয়ায় পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে আন্তঃশিক্ষা বোর্ড।

রোববার (২১ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্র জানায়, নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। সাধারণত ফেব্রুয়ারিতেই এসএসসি পরীক্ষা শুরু হয়; কিন্তু ভোট গ্রহণ, ভোটকেন্দ্র প্রস্তুতি, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমের কারণে পরীক্ষা আয়োজন বাধাগ্রস্ত হতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পিছিয়ে আগামী এপ্রিলের শেষ ভাগ অথবা মে মাসের শুরুর দিকে নেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। তিনি জানান— বোর্ড সভায় আলোচনা সাপেক্ষে রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে, এবং আগামী এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানানো হতে পারে।

এর আগে এসএসসি পরীক্ষার সময়সূচি নানা পরিস্থিতির কারণে একাধিকবার পরিবর্তিত হয়েছে। করোনার কারণে ২০২১ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর থেকে। পরের বছর ২০২২ সালে শুরু হয় ১৫ সেপ্টেম্বর, ২০২৩ সালে ৩০ এপ্রিল এবং সর্বশেষ ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজন করা হয়।

শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের কারণে পরীক্ষা পিছোলেও প্রশ্নপত্র প্রস্তুতি, কেন্দ্র তালিকা ও খাতা মূল্যায়ন— সব কাজ আগের মতোই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর