পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বীরু মোল্লা (৬০) লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাতে একই এলাকার আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি নেয়। এ নিয়ে বুধবার সকালে কথা বলতে গেলে জহুরুল ও আল আমিন ক্ষুব্ধ হয়ে মাথায় গুলি করেন বলে দাবি পরিবার ও স্থানীয়দের।

গুলিবিদ্ধ অবস্থায় বীরু মোল্লাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ও অভিযুক্ত দুপক্ষের মধ্যে চাচাতো ভাই সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বিষয়টি দলীয় বিরোধ নয়, মাটি কাটাকে কেন্দ্র করেই সংঘর্ষ হয়েছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর