পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশি নিহত

আজাদ নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানায় পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণের ভিত্তিতেই তার বাংলাদেশি নাগরিকত্ব শনাক্ত করা হয়।

নিরাপত্তা সূত্র জানায়, এর আগেও এ ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিল। তারা প্রথমে ধর্মীয় দাওয়াত বা তাবলিগের উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়ে পরবর্তীতে বিভিন্ন জঙ্গি নেটওয়ার্কে সম্পৃক্ত হয়। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদেরও অংশগ্রহণ রয়েছে।

শনিবারের এ অভিযানে পাকিস্তানি বাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট মুল্লা নাজির গ্রুপের অবস্থান ঘিরে অভিযান চালায়। সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।

দুই দিনব্যাপী অভিযানে পাহাড়ি দুর্গম এলাকায় সন্ত্রাসীদের ঘেরাও করা হয়। তীব্র বন্দুকযুদ্ধ শেষে ১৭ জন সন্ত্রাসী নিহত হয় এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়। এ সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর