আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।
এর আগে গত ৫ নভেম্বর মো. আসাদুজ্জামান ঘোষণা দিয়েছিলেন যে তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং তার পূর্বে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে ইস্তফা দেবেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন জানান, পদত্যাগপত্র দ্রুতই রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিতেই অ্যাটর্নি জেনারেল দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।”
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর মো. আসাদুজ্জামানকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।









