পটুয়াখালীতে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদারের (২৫) মরদেহ উদ্ধার করা হয়।

এরপর আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউল (২৮) নামে এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করা হয়। এতে করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, নিহত তুহিন স্থানীয় কালাম হাওলাদারের ছেলে। গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছেন তার পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। তার স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও মাত্র দুই মাস বয়সী নবজাতক সন্তান রয়েছে।

অন্যদিকে রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতেন। সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *