নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিসের পাশের নুরানি ফিলিং স্টেশনে এই পরিস্থিতি তৈরি হয়।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল থেকে নিয়মিতভাবে তেল বিক্রি করা হলেও বিকেল সাড়ে ৪টার দিকে তেল ফুরিয়ে যায়। সেই সময় লাইনে থাকা মোটরসাইকেলচালকদের তেল না পেয়ে ক্ষোভ দেখা দেয় এবং হঠাৎই তারা হামলা চালিয়ে অফিসকক্ষ ভাঙচুর করেন।
ঘটনার পর চরজব্বার থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ওসি লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









