অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দেখবেন সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। এটা সবার জন্য। কোনো প্রার্থী বলতে পারবেন না যে, তার প্রতি অন্যায় করা হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন, নির্বাচন কমিশন জাতীয় দলগুলোর সঙ্গে বসে (এ বিষয়ে) সিদ্ধান্ত নেবে। দলগুলোর সঙ্গে সংলাপ চলমান। অনেক বিষয়ই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। যেখানে এসব বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে কয়েক বছর লেগে যায়, কিন্তু আমরা তা স্বল্প সময় ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হবো।’









