নির্বাচনে বিএনপি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হবে: প্রথম আলো সম্পাদক

ষ্টাফ রিপোর্টার

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিএনপি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে এবং বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। তার মতে, জরিপে বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে, যা জনমনে গঠিত ভাবনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান বলেন, জরিপের দিকে তাকালেই বোঝা যায় বিএনপির প্রতি মানুষের সমর্থন বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যৎ ক্ষমতাসীন দলের দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, “বিজয়ের সম্ভাবনা থাকলেও বিএনপির নেতা-কর্মীদের আরও বিনয়ী হতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হবে।”

গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি জানান, দল-মত নির্বিশেষে সাংবাদিকরা যেভাবে সংহতি দেখিয়েছেন তা ইতিবাচক দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐক্য বজায় থাকবে।

প্রথম আলো সম্পাদক বলেন, আগের শাসনামলে সংবাদমাধ্যম নানান চাপ, মিথ্যা মামলা এবং সম্পাদক ও মালিক পরিবর্তনের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতাকে বড় ধরনের ক্ষতি করেছে।

তিনি আরও বলেন, তুলনামূলকভাবে বিএনপির শাসনামলে গণমাধ্যমের পরিবেশ ছিল স্বস্তিদায়ক। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা করা বিএনপির দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও সভায় অংশ নেন। উপস্থিতদের মধ্যে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *