প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছে আপিল গ্রহণ বুথগুলো পরিদর্শন শেষে তিনি বলেন, “সব পক্ষের সহযোগিতা পেলে একটি অবাধ, মুক্ত ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।”
১০টি বুথে আপিল গ্রহণ
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিভিন্ন অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণের জন্য। বুথগুলোতে এলাকার ভিত্তিতে নিম্নরূপভাবে আপিল জমা দেওয়া যাবে—
১নং বুথ (খুলনা অঞ্চল): মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
২নং বুথ (রাজশাহী অঞ্চল): জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
৩নং বুথ (রংপুর অঞ্চল): পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।
৪নং বুথ (চট্টগ্রাম অঞ্চল): চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান।
৫নং বুথ (কুমিল্লা অঞ্চল): ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর।
৬নং বুথ (সিলেট অঞ্চল): সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
৭নং বুথ (ঢাকা অঞ্চল): টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।
৮নং বুথ (ময়মনসিংহ অঞ্চল): জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা।
৯নং বুথ (বরিশাল অঞ্চল): বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।
১০নং বুথ (ফরিদপুর অঞ্চল): রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর।
আপিলের সময়সীমা ও নিয়ম
ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রিটার্নিং কর্মকর্তার গ্রহণ বা বাতিল আদেশে ক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা অনুমোদিত ব্যক্তি ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আপিল দাখিল করতে পারবেন।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র বাছাই শেষে রাতে সারা দেশে কতগুলো মনোনয়ন বৈধ ও কতগুলো বাতিল হয়েছে—তা প্রকাশ করা হবে।
আপিল দাখিলের প্রক্রিয়া
- নির্ধারিত ফরমে নির্বাচন কমিশন সচিবের কাছে আপিল আবেদন করতে হবে।
- গ্রহণ/বাতিল আদেশের তারিখ, আপিলের কারণ এবং আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- আপিলের ১টি মূল কপি ও মোট ৭টি কপি জমা দিতে হবে।
- নিজ অঞ্চলের নির্ধারিত বুথে আপিল আবেদন গ্রহণ করা হবে।
- আপিলের রায়ের কপি পেতে নির্দিষ্ট ফরমে আলাদা আবেদন করতে হবে।
আপিল নিষ্পত্তির সময়
নির্বাচন কমিশন ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তি করবে।
ইসি আরও জানিয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রার্থী বা সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।









