donald trump

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন। রোববার (১১ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে এ দাবি জানান।

পোস্টের ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার এক সপ্তাহ পর ট্রাম্পের এই ঘোষণায় লাতিন আমেরিকার রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এর আগে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হঠাৎ অভিযান চালায়। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। অভিযানে অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ট্রাম্প এর আগেই সতর্ক করেছিলেন যে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জানান, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের তদারকি ওয়াশিংটন করবে এবং উপযুক্ত সময় এলে তা আবার দেশটির বৈধ সরকারের হাতে ফিরিয়ে দেওয়া হবে।

মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে, এবং সেনাবাহিনীও তাকে সমর্থন জানায়। তবে ট্রাম্পের নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করার ফলে এখন দেশটিতে দুইজন ব্যক্তি একই পদ দাবি করছেন—যা অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: রয়টার্স


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর