নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলার একটি ডোবা থেকে নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামে মরদেহটি পাওয়া যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পোলট্রি খামারের ব্যবসা করতেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ এলাকার পোলট্রি খামার থেকে বেরিয়ে যাওয়ার পর আজিমুল কাদের নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ না পেয়ে পরদিন তার ভাগিনা মো. উমর ফারুক বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের দাবি, নিখোঁজের প্রায় দুই সপ্তাহ আগে আজিমুল তার খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ করেছিলেন। এদের একজনের নাম রুবেল জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিকও গা-ঢাকা দিয়েছে। খামার থেকে সব মুরগিও উধাও। এসব ঘটনায় পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা এলাকার একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাসির উদ্দিন জানান, জিডি হওয়ার পর থেকেই নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ তৎপর ছিল। বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর