নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপ, আ.লীগ কর্মী আটক

আজাদ নিউজ ডেস্ক

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আ.লীগের এক কর্মীকে আটক করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে তাকে আটক করা হয়। জানা গেছে, আটক ওই আওয়ামী লীগ কর্মীর নাম মিজানুর রহমান। তার বাড়ি সিলেটে। জ‍্যাকসন হাইটস থেকে নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে। এ সময় তাকে হাতকড়াও পরানো হয়।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট অবতরণের পর কিছুটা বিলম্বে তারা বিমানবন্দর থেকে বের হন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির কয়েকজন কর্মী নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। জবাবে আখতার হোসেন “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান তোলেন। পরে পুলিশের সহায়তায় তারা গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সফরের প্রতিবাদে সকাল থেকেই জেএফকে বিমানবন্দরে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে, সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে সেখানে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তারা প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতপন্থিদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

প্রধান উপদেষ্টার সরকারি সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।

ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর