দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিতের দাবিতে রিট করেছেন ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ। সোমবার সর্বোচ্চ আদালতে করা এ রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন, যা সংবিধান অনুযায়ী একক নাগরিকত্বের শর্ত লঙ্ঘন করতে পারে।
গুলশানের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগের ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কোহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।









