ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
কলেজ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হলে কয়েকজন যুবকের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে তার দিকে ডিম ছোড়া হয়। এ সময় তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও শোনা যায়।
ঘটনার পর আজ দুপুর ২টায় ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।









