জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে হওয়া আলাপচারিতার অভিজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগের পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি লিখেন, ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তি, পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে তার কুশল বিনিময় হয়েছে। জামায়াতের আমিরকে দোয়া চাওয়ার অনুরোধ জানালে তিনি তাকে দোয়া ও দাওয়াহ দুটোর কথাই বলেন।
পাটওয়ারী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ‘পরিবার কার্ড’ প্রসঙ্গ তোলেন। জবাবে প্রধানমন্ত্রী জানান, এ উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে এবং খুব শিগগিরই সারা দেশে কার্যক্রম চালু হবে।
তিনি আরও লেখেন, বিএনপি নেতা আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনসহ আরও কয়েকজন নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে তার কথা হয়েছে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে কিছু সময় লাগবে।
ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেয়ার সময় মির্জা আব্বাস আবারও তাকে ‘দুষ্টুমি না করতে’ বলেন। উত্তরে পাটওয়ারী জানান, ছোট ভাইয়ের আসন এভাবে দখল না করে ছেড়ে দিলেও পারতেন।









