নারায়ণগঞ্জের নারায়নগঞ্জে ফতুল্লায় কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার মাত্র এক ঘণ্টা পর ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত প্রায় নয়টার দিকে মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার শেষ প্রান্তে সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমনের বয়স ঊনচল্লিশ বছর, তিনি ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।
ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামিনে মুক্ত হয়ে বাসায় ফেরেন ইমন। কিছুক্ষণ পর ফেরদৌস নামের একজন মোবাইলে ফোন করে তাকে মিস্ত্রিবাগ এলাকার শেষ মাথায় বাবুল মিয়ার বাড়িতে যেতে বলে। সেখানে গিয়ে ফেরদৌস ইমনকে জাহিদ, চক্ষু হৃদয়, বিল্লালের ছেলে হৃদয়সহ আরও কয়েকজনের হাতে তুলে দেয়।
এরপর জাহিদসহ অন্যান্যরা ইমনের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত ইমন দৌড়ে সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাকে আবার কুপিয়ে ফেলা হয়। খবর পেয়ে আশপাশের মানুষ উদ্ধার করে তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত চক্ষু হৃদয়ও সেদিনই জামিনে বের হয়েছিল। ইমন তার সঙ্গেই বৈদ্যুতিক কাজ করতেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকারীদের ধরতে একাধিক দল কাজ করছে।









