নাটোরে বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল লোক হঠাৎ করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের চেয়ার–টেবিলসহ নানা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব জানান, আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ কয়েকজন কার্যালয়ে ঢুকে হামলা করেছে। তিনি দাবি করেন, হামলাকারীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মী।

রাকিব আরও বলেন, দেশীয় অস্ত্র নিয়ে আসা এই লোকজন দ্রুত ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ ব্যাপারে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *