নরসিংদীতে একটি গাড়ির ওয়ার্কশপে আগুন লাগিয়ে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খাঁবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ওই রাতেও চঞ্চল কাজ শেষে মেস থেকে খাবার খেয়ে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। ভেতরে রাখা পেট্রোল ও মবিলের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং চঞ্চল ভেতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছে। এতে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ আরও জোরালো হয়েছে। এ বিষয়ে দোকান মালিক মো. রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, অঙ্গার অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।









