নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন মো. সাহাবুদ্দিন, যিনি আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত রয়েছে। শপথ কে পড়াবেন—এ প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পড়াবেন।” তিনি আরও জানান, শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রিসভার সদস্য সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে আব্দুর রশীদ বলেন, এটি সম্পূর্ণই নির্ভর করবে সংসদ নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন যিনি—তার ওপর। তিনি কতজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে চান, সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

শপথ ১৭ ফেব্রুয়ারি নাকি ১৮ ফেব্রুয়ারি—এ বিষয়ে তিনি বলেন, “এ মুহূর্তে কোনো নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। যে তারিখে অনুষ্ঠান করার জন্য নির্দেশ দেওয়া হবে, আমরা সেই অনুযায়ী কাজ করব। এমনকি সেটা আগামীকাল হলেও প্রস্তুতি নিতে হবে।”

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, জাতীয় সংসদের ২৯৭টি আসনের নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ হয়েছে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ করতে হবে। এ সময়সীমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ধরে নেওয়া যেতে পারে, কারণ কর্মদিবস শুরু হচ্ছে আগামীকাল থেকে।

তিনি বলেন, “১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হবে। এরপর প্রতিটি দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনপ্রাপ্ত নেতা রাষ্ট্রপতির কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এরপর রাষ্ট্রপতি তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *