নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

ষ্টাফ রিপোর্টার

বিএনপির নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতির মধ্যে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে নাসিমুল গণিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ–এর চুক্তি বাতিল করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া–কে দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরে আজ সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গণিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বাংলাদেশের সিভিল সার্ভিসে ১৯৮২ ব্যাচকে অন্যতম মেধাবী ব্যাচ হিসেবে গণ্য করা হয়, যেখানে প্রশাসন ক্যাডারের ১৪২ জনের তালিকায় নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *