দোকানপাট ও শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: জ্বালানি প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে মালিকদের অনুরোধ বিবেচনায় নিয়ে সরকার দোকানপাট ও শপিংমল রাত ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার সচিবালয়ে দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকট মোকাবিলায় গত বৃহস্পতিবার সরকার সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধের নির্দেশ দিয়েছিল। সিদ্ধান্তের পর বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানায়, যাতে তাদের রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা করার অনুরোধও জানানো হয়।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবেদনটি পুনর্বিবেচনা করে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছেন। তবে জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। তিনি আরও বলেন, সবার উচিত নিজ নিজ বাসা ও কর্মস্থলে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সচেতন হওয়া, কারণ জ্বালানি সাশ্রয়ই চলমান সংকট মোকাবিলায় সহায়তা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *