দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

ষ্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগামীকাল মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত থাকবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, নির্দেশনা অনুযায়ী দেশের সব মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং আসন্ন ঈদুল ফিতরের ছুটির পর স্থগিত ক্লাস ও পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জ্বালানি সাশ্রয় এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়, তাই শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে।

এর আগে একই কারণে রোববার দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দায়িত্বশীল আচরণ ও সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর