অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। সোমবার ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের মাইলফলকে উন্নীত করা। এ লক্ষ্য সামনে রেখে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি ও স্পোর্টস অর্থনীতি সহ নানা খাত বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সরকার শুধু একটি খাতে নয়, বরং কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাসী আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা—সব দিকেই সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিচ্ছে।









