বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখনো উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। সরকার অস্ত্র উদ্ধারেও ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সরকারের ব্যর্থতার পরিচয় বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমরা আশা করি নির্বাচনকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো। প্রচারণা শুরু হলে সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।”
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, “ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িত—এটি সত্য। দেশের মর্যাদা এখানে যুক্ত থাকে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয় নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্কের মাধ্যমেই এর সমাধান হবে।”
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









