বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে উড়াল দেবে। বিষয়টি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের বাসা ত্যাগ করেন তিনি। জানা গেছে, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার (বিজি ২০২)–এর বিজনেস ক্লাসে তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও ভ্রমণ করবেন।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডন থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার সকালে সিলেটে যাত্রাবিরতি নেবেন তারেক রহমান। এরপর সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। হাসপাতালের পথে কুড়িল–পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সংবর্ধনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “অনুষ্ঠানটি খুবই সংক্ষিপ্ত হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।”
এভারকেয়ার হাসপাতালে অবস্থান শেষে তিনি গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় ফিরবেন বলে জানা গেছে।









