বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের রায় চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দুদিন পর দেশের বহু প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—যে নির্বাচনের জন্য গত ১৬ বছরে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। জুলাই আন্দোলনেও বহু মানুষ নিহত হয়েছেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে এবং দেশকে সামনে এগিয়ে নিতে বিএনপিকে সুযোগ দিতে হবে। দল যে কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়ন করা হলে দেশ পুনর্গঠনের পথ সুগম হবে।
তিনি আরও বলেন, দেশকে নিজের ঘরের মতোই যত্ন নিয়ে গড়ে তুলতে হবে। এজন্য সবার অংশগ্রহণ জরুরি। ঢাকা–১৭ আসনের প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে তিনি ভোট চান।
বনানীর জনসভা শেষে তিনি ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকায়, ঢাকা-৮ আসনে পীর জঙ্গি মাজার রোডে, ঢাকা-৯ আসনে বাসাবো তরুণ সংঘ মাঠে এবং ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে নবী উল্লাহ নবীর নির্বাচনী এলাকায় পথসভায় বক্তব্য দেন।









