দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) তারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
দুপুর ২টা ৩৬ মিনিটে তিন কর্মকর্তাকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করতে দেখা যায়। মাত্র ১০ মিনিটের মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দিয়ে ভবন থেকে বের হয়ে আসেন। বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আলি আকবার আজিজী বলেন, কোনো ধরনের চাপ নয়; নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই তারা পদত্যাগ করেছেন।
২০২৪ সালের ১০ ডিসেম্বর সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোমেনকে পাঁচ বছরের জন্য দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। একই প্রজ্ঞাপনে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আলি আকবার আজিজী ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।









