দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

দীর্ঘ দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ ঐতিহাসিক সফরকে ঘিরে প্রস্তুতি প্রায় শেষ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি হবে তার প্রথম রাজনৈতিক সফর।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকার বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। এর আগের রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে নিজেই এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

দোয়া মাহফিলে তারেক রহমান বলেন, ‘বুধবার আমি সিলেট চলে যাব, ইনশাআল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচার কাজ শুরু করব।’ তিনি আরও জানান, বিকেলে তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বিমানযোগে সিলেটে যাবেন। তাদের ব্যবহৃত গাড়িগুলো সকালে সিলেটের উদ্দেশে রওনা দেবে।

দলীয় সূত্র জানায়, হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন বিএনপি চেয়ারম্যান। ঐতিহ্য অনুযায়ী—মেজর জিয়াউর রহমান, খালেদা জিয়া—দুজনেই সিলেট মাজার জিয়ারতকে প্রচারের সূচনা বিন্দু হিসেবে গ্রহণ করতেন। এবার সেই ধারাবাহিকতায় সিলেট–সুনামগঞ্জের ১১ আসনের প্রার্থীদের পরিচয়ও তুলে ধরবেন তিনি।

তারেক রহমানকে বরণ ও আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে সফল করতে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ে সিলেট শহর ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

দীর্ঘদিন পর শীর্ষ নেতার সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। জনসভাস্থলে বিরাট আকারের মঞ্চ নির্মাণে চলছে দিনরাত কাজ। নেতাকর্মীরা জানান, এই জনসভায় ৭ থেকে ৮ লাখ মানুষের সমাগম ঘটিয়ে সাংগঠনিক শক্তির প্রদর্শন ঘটাতে চান তারা। সে লক্ষ্যে সভা-সমাবেশ, প্রচার ও সমন্বয় বৈঠকসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি সিলেটের জনসভা থেকেই বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার চালু করবে। আজ সন্ধ্যায় তারেক রহমান সিলেটে পৌঁছে একটি ফাইভ স্টার হোটেলে বিশ্রাম নেবেন। পরে রাত ৮টায় হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করবেন। এ ছাড়া তিনি রাতে শ্বশুরবাড়িও পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় চৌহাট্টার আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। সিলেট ও সুনামগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই জনসভায় উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, প্রায় ২০ বছর পর সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। সর্বশেষ তিনি ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন। এবার আসছেন দলের চেয়ারম্যানের দায়িত্বে। মায়ের প্রতিষ্ঠিত রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করেই তিনি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর