ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের বিষয়ে বিএনপি আত্মবিশ্বাসী—এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭—উভয় জায়গায়ই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।”
তিনি জানান, বৃহস্পতিবারের ভোটের দিনসহ বুধবার রাত থেকে বিভিন্ন স্থানে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অনিয়মে লিপ্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক সমর্থন ও ভালোবাসায় ধানের শীষের প্রার্থীরা বহু আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন এবং অনেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত প্রাপ্ত ভোট ও আসনভিত্তিক তথ্য বিশ্লেষণ করে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি—বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করবে।”
বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “দেশজুড়ে বহু জায়গায় কারচুপি, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। নির্দিষ্ট কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিশেষ প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। উদাহরণ হিসেবে ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩ ও ঢাকা-১৬ আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যমূলক বিলম্ব করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ও ধানের শীষের বড় ব্যবধানে যে বিজয় প্রত্যাশিত ছিল, সেটি কমিয়ে আনার জন্য একটি রাজনৈতিক দল অপপ্রচার এবং আচরণবিধির লঙ্ঘন করেছে, যা কিছু আসনে ভোটারদের অংশগ্রহণ ব্যাহত করেছে।
গণতন্ত্রকামী জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহদী আমিন বলেন, “যে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ও বিজয়ী করেছেন—তার জন্য আমরা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জোবায়ের বাবু, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।









