দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এক যুবক হত্যার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। নিহত ময়মনসিংহের যুবক দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবিতে সংগঠনগুলোর নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা একপর্যায়ে পুলিশের ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকজনকে আটক করে এবং হাইকমিশন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

বিক্ষোভকারীরা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও দাহ করেন। বিক্ষোভস্থলে ‘বিচার চাই’ ও ‘হিন্দু হত্যা বন্ধ চাই’ স্লোগান ধ্বনিত হয়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ময়মনসিংহের বালুকা এলাকায় ১৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাস (২৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। ঘটনায় এ পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

এ ঘটনার পর বাংলাদেশ সরকার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনেই বিক্ষোভ ও উত্তেজনা ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানায়। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব।

অন্যদিকে ভারত সরকার জানিয়েছে, দিল্লির বিক্ষোভ স্বল্পস্থায়ী ছিল এবং এতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে।
তথ্যসূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর