পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত

দায়িত্ব নিলেন নতুন আইজিপি, অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেন। সেখানে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে এই পদে নিয়োগ দেয়। আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩, ৫ ও ৭ এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএনেও কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (সম্মান), এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন।

অন্যদিকে, ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। বুধবার দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান। তিনি ২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীকে পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে একই পদে রাখা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *