ফেনীর দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার সিলোনীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নোয়াখালীর উদ্দেশে রওনা দেয়। বাসটি সিলোনীয়া বাজারে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—দাগনভূঞার খুশিপুরের শামিম আরা বেগম ও দক্ষিণ জায়লস্করের মো. শ্রাবণ।
আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জায়লস্করের জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, খুশিপুরের নাফসি এবং ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার আব্দুল্লাহ ও খোদেজা বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।









