ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

ষ্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য নিশ্চিত করেন।

দুজারিক বলেন, “জাতিসংঘ সাধারণত নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের কোনও আনুষ্ঠানিক ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের নিয়মিত দায়িত্বের অংশ নয়।”

তবে বাংলাদেশে জাতিসংঘ কারিগরি সহায়তা দিচ্ছে কি না—এই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে নির্বাচন-সংক্রান্ত কারিগরি সহায়তা দেওয়ার কাজটি জাতিসংঘ করে থাকে।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে গণতান্ত্রিক রূপান্তর নিয়ে জাতিসংঘের মূল্যায়ন জানতে চাইলে দুজারিক বলেন, “আমি খবর বা রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ করি না। এটি গণমাধ্যমের কাজ।” তবে তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে।”

ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মুখপাত্র বলেন, “আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। দুজারিক জানান, তিনি রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না এবং এ ধরনের বিশ্লেষণ সাংবাদিকদের ওপরই ন্যস্ত।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর