জ্বালানি তেল সংকটকে কেন্দ্র করে দেশের প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সোমবার এক বার্তায় মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি জ্বালানি তেল বিপণনে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন ডিপোতে ডিলারদের আকস্মিকভাবে বাড়তি চাহিদা দেখা দিয়েছে। এতে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরিমাণ তেল সরবরাহ করা সম্ভব না হওয়ায় ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। দেশের বিপণন কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী চট্টগ্রামের পতেঙ্গা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো বিশেষ ঝুঁকির মধ্যে রয়েছে।
বলা হয়, এসব তেল ডিপো গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত হওয়ায় জরুরিভিত্তিতে তাদের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।








