ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন জোটকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রক্ষমতা মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক গুরুত্বপূর্ণ আমানত। এটি কেবল সম্মান নয়, বরং জনগণের অধিকার বাস্তবায়নের জন্য গভীর দায়িত্ব। নেতারা আশা প্রকাশ করেন যে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার সততা, দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবে এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
হেফাজত নেতারা নতুন সরকারের কাছে কয়েকটি দাবি ও প্রত্যাশা তুলে ধরেন— মসজিদ-মাদ্রাসা ও আলেম-ওলামাদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় ও মানবাধিকার রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, ইসলামি শিক্ষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদী ব্যবস্থার শিকড় উপড়ে ফেলে জাতীয় ঐক্যকে আরও সুসংহত করা।
নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নৈরাজ্য নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের সহিংসতা জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। সন্ত্রাস দমনে সরকারকে কঠোর কিন্তু ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জবাবদিহিমূলক, মানবিক ও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
বিবৃতিতে তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। উসকানিমূলক মন্তব্য, মিথ্যা তথ্য ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি এবং প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত থেকে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান নেতারা।









