ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের চার স্বতন্ত্র প্রার্থীর মধ্যে দু’জন সশরীরে এসে সাক্ষাৎ করেছেন, অপর দু’জন ঢাকায় না থাকায় টেলিফোনের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়েছেন। সবাই তারেক রহমানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ বলেন, “এই মুহূর্তে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করা জরুরি। সাম্প্রদায়িক ও ১৯৭১-এর পরাজিত শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এ কারণে আমি তারেক রহমানকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
ডাব প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ বলেন, “আমি আজ স্লোগান দিতে এসেছি— সবার আগে বাংলাদেশ। ঢাকা-১৭ আসনের যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের অনুরোধ করছি ধানের শীষে ভোট দিতে। এতে আমাকেই ভোট দেওয়া হবে।”
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানো চার স্বতন্ত্র প্রার্থী হলেন—
১. এসএম আবুল কালাম আজাদ, প্রেসিডেন্ট, বিএনএফ
২. শামীম আহমেদ, ডাব প্রতীক
৩. মো. রাশেদুল হক, আনারস প্রতীক
৪. মঞ্জুর হুমায়ুন, আপেল প্রতীক
তাদের দাবি, দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এই সিদ্ধান্ত।









