ত্রয়োদশ জাতীয় সংদ নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে আমেরিকা, ভারত ও পাকিস্তান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।
পোস্ট উল্লেখ করা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।
এদিকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স-এ দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের পথে ভারত সবসময় পাশে থাকবে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভূমিধস বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বার্তাটির সত্যতা নিশ্চিত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জারদারি তারেক রহমানকে বিএনপির বড় জয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণকে ‘সফল ও শান্তিপূর্ণ নির্বাচন’ আয়োজনের জন্য অভিনন্দন জানান।
বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘গণতান্ত্রিক অংশীদারত্ব ও যৌথ অগ্রগতির লক্ষ্যে পাকিস্তান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
তার এই বার্তা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।









