ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যমুখী সব আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনসহ অঞ্চলের কয়েকটি দেশে চলমান হামলার কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যের ফ্লাইট স্থগিত রয়েছে। বিকেল নাগাদ ইউএস-বাংলার কোনো উড়োজাহাজ আকাশে ছিল না; সবই সংশ্লিষ্ট বিমানবন্দরে অবস্থান করছিল।









